Logo

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত : স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ, ২০২৬, ১৮:৪৯
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত : স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ পরিচালক আমাদের জানাননি যে—ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।

তিনি জানান, ঘটনার পর পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে বিষয়টি অস্বীকার করা হয় এবং গণমাধ্যমকে দোষারোপ করা হয়। পরে তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তা আর অস্বীকার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সরকারি কেনাকাটা প্রক্রিয়ার জটিলতার কারণে দ্রুত ব্যবস্থা নিতে না পারায় তিনি ব্যক্তিগত উদ্যোগে কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সহায়তায় জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও দুটি সংগ্রহের প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীদের আস্থার জায়গা থেকে চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে। অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সার্জিক্যাল উপকরণ থেকে যাওয়ার মতো ঘটনা গুরুতর অবহেলার উদাহরণ উল্লেখ করে তিনি চিকিৎসকদের সতর্ক থাকার আহ্বান জানান।

এছাড়া চিকিৎসকদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাম উল্লেখ না করে একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, রোগীর সঙ্গে অসংগত আচরণ চিকিৎসা নৈতিকতার পরিপন্থি।

বিজ্ঞাপন

নিজের চিকিৎসা অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের পরিবর্তে আধুনিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া উচিত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD