Logo

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ১৯:০৯
মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের কোনো মাজার, পীরের তরিকা কিংবা ধর্মীয় স্থানে ভাঙচুর বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংসের চেষ্টা হলে ঘরে বসে না থাকার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ১২৭টি মাজার ধ্বংস ও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এমনকি একজন মুসলমান আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে কোনো মাজার ধ্বংসের চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হজরত মুহাম্মদ (সা.) মানুষের জন্য দিকনির্দেশনা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নবুয়তি জীবন, নীতি ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, মদিনায় ব্যবসায়ীদের সম্পদ চুরির ঘটনায় রাসুল (সা.) ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠনের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।

বিজ্ঞাপন

দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য সফিকুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD