৬ মাসে দেশে ২ কোটি ২২ লাখের বেশি গাছ রোপণ করেছে সরকার

ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে সারাদেশে ২ কোটি ২২ লাখ ৬৮ হাজার গাছের চারা রোপণ করেছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে নেওয়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব চারা রোপণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বছরে ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে গত ছয় মাসেই নির্ধারিত বার্ষিক লক্ষ্যের প্রায় ৪৩ দশমিক ২৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে সরকারি মূল্যায়নে জানা গেছে।
এই কর্মসূচিতে বন বিভাগসহ মোট ১১টি সরকারি সংস্থা সরাসরি যুক্ত রয়েছে। সবচেয়ে বেশি চারা রোপণ করেছে বন অধিদপ্তর। সংস্থাটির উদ্যোগে ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৪২টি চারা রোপণ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর পরের অবস্থানে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। তারা এ পর্যন্ত ৭১ লাখ ৬৪ হাজার ১৩৫টি চারা রোপণ করেছে। অবশিষ্ট চারা কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গৃহায়ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার উদ্যোগে রোপণ করা হয়েছে।
অঞ্চলভেদে ভিন্ন প্রজাতির গাছ
বিজ্ঞাপন
বৃক্ষরোপণ কর্মসূচিতে শুধু সংখ্যার ওপর গুরুত্ব না দিয়ে স্থানীয় পরিবেশ ও মাটির ধরন বিবেচনায় নিয়ে গাছের প্রজাতি নির্বাচন করা হচ্ছে।
পার্বত্য অঞ্চলে গর্জন, চাপালিশ, সেগুন ও বাঁশের মতো প্রজাতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকায় কেওড়া, বাইন ও ঝাউয়ের মতো ম্যানগ্রোভ ও উপকূল-সহনশীল গাছ লাগানো হচ্ছে। অন্যদিকে হাওর, বিল ও জলাভূমি এলাকায় হিজল, কদম ও করচ জাতীয় গাছের চারা রোপণ করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন এনজিওর মাধ্যমেও আরও ৪০ লাখ গাছ রোপণ করা সম্ভব হয়েছে।
তিনি জানান, উপকূলীয় অঞ্চলকে ঝড়, জলোচ্ছ্বাস ও ভাঙনের মতো দুর্যোগের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে আরও ২ কোটি ম্যানগ্রোভ চারা রোপণের একটি পৃথক প্রকল্প চূড়ান্ত করার কাজ চলছে।
বিজ্ঞাপন
সরকারের সংশ্লিষ্টদের আশা, চলমান কর্মসূচি ও নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নির্ধারিত সময়ের মধ্যেই বার্ষিক বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি তা ছাড়িয়ে যাওয়াও সম্ভব হবে।








