শাহজালাল বিমানবন্দরে কার্গো টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।
বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্র জানায়, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করেন।
তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে আগেই ফ্লাইটটি নজরদারিতে রাখা হয়। পরে অবতরণের পর কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হলে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
বিজ্ঞাপন
উদ্ধার হওয়া ১৫৩টি বারের মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানা গেছে।
পরে জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।








