সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাপ্রধান

সরকারি সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞাপন
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালীন সময়ে যুক্তরাষ্ট্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, এই সফরে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন, যেখানে পারস্পরিক সহযোগিতা ও সামরিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। পাশাপাশি একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে তার কর্মসূচিতে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতি হিসেবে একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন সেনাপ্রধান। একইসঙ্গে তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।
এ ছাড়া সফর চলাকালে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।








