২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল

অবৈধ মজুতের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযানে ২৬ দিনে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত পরিচালিত এ অভিযানের তথ্য সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি জানান, এই সময়ে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। এতে ১ হাজার ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি ছিল ডিজেল—প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযানে জড়িতদের কাছ থেকে মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
বিজ্ঞাপন
সরকার জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও বহাল রয়েছে।
তদারকি জোরদারে প্রতিটি জেলায় বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং তাদের যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং ডিপোর নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।








