অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস

অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশের মধ্যে ১৪টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। একইসঙ্গে আরও দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে বিল হিসেবে সংসদে উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে এসব বিল উত্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল সংসদে উপস্থাপন করেন, যার মধ্যে ১৪টি বিল অনুমোদন পায়।
সংসদের বিকালের অধিবেশনে যেসব বিল পাস হয়, সেগুলোর মধ্যে রয়েছে— ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’। এছাড়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি সংসদে উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে দিনের সকালে অনুষ্ঠিত অধিবেশনেও একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হয়। ওই অধিবেশনে আটটি অধ্যাদেশ বিল আকারে অনুমোদন দেওয়া হয় এবং আরও একটি বিল উত্থাপন করা হয়।
সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল’, ‘সিভিল কোর্টস (সংশোধন) বিল’, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল’, ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।
বিজ্ঞাপন
অন্যদিকে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ সংসদে উত্থাপন করা হয়েছে, যা পরবর্তীতে প্রয়োজনীয় সংশোধন শেষে পাস করা হবে।
সংসদে ধারাবাহিকভাবে এসব বিল পাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন নীতিগত সিদ্ধান্তকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








