বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শীর্ষ পর্যায়ে নতুন নিয়োগ দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। একই সঙ্গে দীর্ঘদিন শূন্য থাকা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে সৈয়দ মইন উদ্দিনকে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, উভয় কর্মকর্তাকে চুক্তিভিত্তিকভাবে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে, যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব গ্রহণের আগে তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ছিন্ন করতে হবে।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাইজার সোহেল আহমেদ এখন থেকে প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ডিএমডি হিসেবে সৈয়দ মইন উদ্দিন এমডিকে সহযোগিতা করে প্রশাসনিক ও পরিচালন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিমানের ডিএমডি পদটি বেশ কয়েক বছর ধরে শূন্য ছিল। এই দীর্ঘ বিরতির পর নতুন করে এ পদে নিয়োগ দেওয়া হলো, যা সংস্থার প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞাপন
সৈয়দ মইন উদ্দিন এর আগে ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত অবস্থায় স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর দীর্ঘ সময় তিনি লন্ডনে অবস্থান করেন। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে তিনি আবারও দেশের এই গুরুত্বপূর্ণ বিমান সংস্থার সঙ্গে যুক্ত হলেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা ও ব্যবস্থাপনায় গতি আসবে এবং প্রতিষ্ঠানটি আরও দক্ষ ও আধুনিকভাবে পরিচালিত হবে।








