প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক ৩

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল দুটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপের পর সেখান থেকে চলে যান।
ঘটনার পরপরই তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে যান।
বিজ্ঞাপন
তাদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।








