Logo

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ০৯:৩১
মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। স্পর্শকাতর এলাকায় এ ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত ২টা ৩০ মিনিটের দিকে সাংবাদিকদের ঘটনার বিস্তারিত জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সেটি উদ্ধার করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। খবর পেয়ে তেজগাঁও বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

উদ্ধার করা বস্তুটির বিষয়ে ডিসি ইবনে মিজান জানান, এতে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি সাধারণ পটকাজাতীয় বিস্ফোরক উপাদানের মতো ছিল বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনের কাছে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক ব্যবহার না করে লিংক রোড দিয়ে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও হামলাকারীরা বিকল্প পথ ব্যবহার করেছে।

তিনি আরও জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে শনাক্ত করার পাশাপাশি তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD