যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের জরুরি অবতরণ, বন্ধ রানওয়ে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পারায় উড়োজাহাজটি ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দেয়। পরে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। এ ঘটনায় রানওয়ে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়ায় বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।
বিজ্ঞাপন
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে রানওয়ে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এটি। উড়োজাহাজটির দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণের কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফ্লাইটটিতে কতজন যাত্রী ছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত করেনি বিমান কর্তৃপক্ষ। তবে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, যাত্রী, পাইলট ও ক্রু—সবাই নিরাপদে অবতরণ করেছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর এক বার্তায় জানায়, কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী বিজি-৪৩৬ ফ্লাইটটি শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য পরিচালনাগত ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
এদিকে, বিমানবন্দরের একটি সূত্রের দাবি, উড্ডয়নের পরপরই ফ্লাইটটির একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিংবা বিমানবন্দরের কোনো কর্মকর্তা নিশ্চিত করে কিছু জানাননি। ফলে উড়োজাহাজটির চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
বিজ্ঞাপন








