Logo

৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ১৭:০৯
৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণকে কেন্দ্র করে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর রানওয়ে খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ থাকলেও ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর বিকেল ৩টা ৪০ মিনিট থেকে আবারও বিমান চলাচল শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে দীর্ঘ সময় আকাশে অপেক্ষা করতে হয়। রানওয়ে খুলে দেওয়ার পর ফ্লাইটটি প্রথম অবতরণ করে। এরপর একে একে অন্যান্য ফ্লাইটও অবতরণ শুরু করে।

এর আগে, ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুর আড়াইটায় ঢাকায় অবতরণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়, কক্সবাজার থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী ফ্লাইটটি বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD