হজযাত্রীদের সর্বোত্তম সেবা প্রদানের নির্দেশ ধর্মমন্ত্রীর

আসন্ন ২০২৬ সালের হজকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, হজ ব্যবস্থাপনা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে যাত্রীরা সর্বোচ্চ মানের সেবা পান এবং পুরো কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী উল্লেখ করেন, হজ কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা জরুরি। হজযাত্রাকে সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলামুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশেষ করে যাত্রাপথে ও সৌদি আরবে অবস্থানকালে হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গত বছরের হজ ব্যবস্থাপনা যেভাবে সফলভাবে সম্পন্ন হয়েছিল, চলতি বছরও একই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নত সেবা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি উপস্থাপন করা হয়।
বিজ্ঞাপন
ধর্মমন্ত্রী এসব প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রযোজ্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, নিয়মবহির্ভূত কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না।
সভায় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে এবার হজ ব্যবস্থাপনা আরও কার্যকর ও যাত্রীবান্ধব হবে।








