Logo

জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিয়ে সংসদে দায়মুক্তি আইন পাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৮:১২
জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিয়ে সংসদে দায়মুক্তি আইন পাস
ফাইল ছবি

জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা পেয়েছেন পূর্ণ আইনি সুরক্ষা। তাদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো আইনি পদক্ষেপ গ্রহণের পথও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করেন। পরে এটি সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।

নতুন আইনের ফলে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চলমান সব দেওয়ানি ও ফৌজদারি মামলা বাতিল বলে গণ্য হবে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের আইনি কার্যক্রমও স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এর ফলে আন্দোলনে অংশগ্রহণকারীরা বিচারিক জটিলতা ও আইনি হয়রানি থেকে সম্পূর্ণ মুক্তি পেলেন।

বিজ্ঞাপন

আইন অনুযায়ী, অভ্যুত্থান-সংশ্লিষ্ট পূর্বের অভিযোগ ও মামলাগুলো নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত নিষ্পত্তির জন্য সরকারি নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি একটি বিশেষ ধারা যুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে—এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া যাবে না; এটি আইনগতভাবে স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে।

বিলটি উপস্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া আন্দোলনকারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যারা জীবন ঝুঁকিতে রেখে পরিবর্তন এনেছেন, তাদের যেন আইনি জটিলতায় পড়তে না হয়, সে লক্ষ্যেই এই আইন প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন একই অধিবেশনে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল ২০২৬’ও পাস হয়। সংশোধিত আইনের মাধ্যমে সরকার এখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি সরাসরি কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা পেল।

নতুন এই বিধানের ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি স্থায়ী আইনি ভিত্তি লাভ করেছে। আইন অনুযায়ী, কোনো সংগঠন বা দলের বিরুদ্ধে সন্ত্রাসে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তাদের কার্যক্রম বন্ধ করার পথ এখন আরও স্পষ্ট ও কার্যকর হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD