ভালো রাজনৈতিক নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে ভবিষ্যৎ নিয়ে যত বড় স্বপ্নই দেখা হোক, তা বাস্তবায়নের পরও টেকসই করা কঠিন হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না। এখন আমরা এমন একটা জায়গায় চলে আসছি, কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আনতে হয়, তাহলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে।’
রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে মেধাবীরা
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের মধ্যে অনাস্থাও তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনীতির গুরুত্ব তুলে ধরে আন্দালিব রহমান বলেন, ভালো উপাদান থাকলেই যেমন ভালো খাবার তৈরি হয় না, দক্ষ বাবুর্চির প্রয়োজন হয়; তেমনি দেশের জন্য ভালো পরিকল্পনা ও সম্ভাবনা থাকলেও সেগুলো বাস্তবায়ন ও ধরে রাখতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।
বরিশালের নেতৃত্বের ঐতিহ্য
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ফুটবল, রাজনীতি ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দেশের নেতৃত্ব দিয়ে আসছেন। পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত বরিশাল থেকে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিজ্ঞাপন
বরিশালকে প্রকৃত অর্থে স্বপ্নের নগরী ও উন্নত শহরে রূপ দিতে হলে আগামী দিনে এ অঞ্চল থেকে ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার ওপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের রাজনীতিতে আনতে পরিবেশ তৈরি জরুরি
আন্দালিব রহমান বলেন, বরিশালের আশপাশের নির্বাচনী এলাকা ও জেলাগুলো থেকে মেধাবী ও যোগ্য তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। এজন্য এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার, যেখানে নতুন প্রজন্ম স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে যুক্ত হতে পারে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা যদি আগামী প্রজন্মের জন্য ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কোনো ধরনের উন্নয়নই টেকসই হবে না। এটা শুধু বরিশালের সমস্যা নয়, সারা বাংলাদেশেই এই সংকট রয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ বাড়ানো কিংবা শিল্পায়নও উন্নয়নের অংশ। তবে দেশের বর্তমান প্রয়োজন শুধু অবকাঠামোগত অগ্রগতি নয়; মানসম্মত ও দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করাও জরুরি। আর এ জন্য যোগ্য ও সৎ নেতৃত্ব অপরিহার্য।
পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করার আহ্বান
বর্তমানে যারা রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন, তাদেরই পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের রাজনীতিতে আসার পথ তৈরি করতে হবে বলে মনে করেন আন্দালিব রহমান। তরুণদের উৎসাহ দেওয়ার পাশাপাশি রাজনীতির পরিবেশকে তাদের জন্য সহজ ও গ্রহণযোগ্য করে তোলার ওপরও জোর দেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই এ বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।’
বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতেও এই অঞ্চল থেকে যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্ব জাতীয় পর্যায়ে উঠে আসা প্রয়োজন।
তার মতে, তরুণদের শুধু ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার কিংবা বিদেশে যাওয়ার লক্ষ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করেন, সেটিই ইতিবাচক পরিবর্তনের নতুন সূচনা হতে পারে।








