Logo

রাজধানীর মিরপুরের অবস্থা একেবারে স্বাভাবিক: পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:০৬
রাজধানীর মিরপুরের অবস্থা একেবারে স্বাভাবিক: পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন ঘিরে উত্তেজনা তৈরি হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন এলাকায় শ্রমিকদের সড়কে নামার চেষ্টা থাকলেও কোথাও অবরোধ বা যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে দাবি পুলিশের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, মিরপুরের অবস্থা একেবারে স্বাভাবিক। সকাল থেকে কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা শ্রমিকদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন এলাকায় কিছু শ্রমিক সড়কে নামার চেষ্টা করেছেন। বিশেষ করে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ এবং কাফরুল রোডের কয়েকটি ফিডার সড়কে জমায়েত হওয়ার চেষ্টা করেন তাঁরা। পুলিশ তাঁদের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল বলেও জানান এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, কেউ যেন শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামাতে না পারে, যান চলাচল বন্ধ করতে না পারে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে কয়েকজনকে আটকের বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তাঁরা সাধারণ মানুষ হলে ছেড়ে দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও সড়ক অবরোধ, রাস্তা বন্ধ কিংবা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

পোশাকশ্রমিকদের আন্দোলনের যৌক্তিকতা নিয়েও কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, শ্রমিকদের বেতন ও অন্যান্য দাবি-দাওয়া বিবেচনায় মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই পুলিশের বিবেচনায় আন্দোলন অব্যাহত রাখার আর যৌক্তিকতা নেই।

বিজ্ঞাপন

তবে কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা, অরাজকতা কিংবা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD