গোপালগঞ্জে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে: ডা. জাহেদ

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিশেষ করে ছবি ও ভিডিও ফুটেজে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তাদের শনাক্ত করে গ্রেফতারের কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতা মেনে নেবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। ফলে দলটির ব্যানারে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের পাশাপাশি নৃশংসতা, সহিংসতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
অস্ত্র হাতে থাকা ব্যক্তিদের গ্রেফতারের বিষয়ে উপদেষ্টা বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেফতার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সময় বলপ্রয়োগের ক্ষেত্রে সংযম বজায় রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, পুলিশ প্রয়োজনে বলপ্রয়োগ করতে পারে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না।
জাহেদ উর রহমান বলেন, অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না। প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে পরিস্থিতি বিবেচনায় আনুপাতিকভাবে বলপ্রয়োগের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশের ভেতরে অবস্থানরত যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদের মুখে ফেলছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
১৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে বলে সরকার মনে করছে না। দেশের অন্যান্য স্থানেও বড় ধরনের সমস্যা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার।
বিজ্ঞাপন
তিনি জানান, এর আগেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ছিল। সেসব কর্মসূচি নিয়ে আগের ব্রিফিংয়েও সরকারের অবস্থান তুলে ধরা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের উদ্বেগ দেখছে না।
পুলিশ সুপার ও ডিসি প্রত্যাহারের কারণ জানালেন উপদেষ্টা
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে অবহেলা কিংবা ব্যর্থতা পরিলক্ষিত হলে সেখানে অধিক দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বিজ্ঞাপন
তিনি ব্যাখ্যা করেন, কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করার অর্থ এই নয় যে তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তবে দায়িত্ব পালনে কোনো ধরনের ঘাটতি থাকলে সেটি স্বীকার করে আরও যোগ্য কর্মকর্তাকে নিয়োগের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় পুলিশ একটি অপরিহার্য প্রতিষ্ঠান। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় যতটা সম্ভব কম বলপ্রয়োগ এবং হতাহতের ঘটনা এড়িয়ে চলতে হবে।
তার ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিনের পরিস্থিতি এতটাই সহিংস ছিল যে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। কিন্তু পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল। পরিস্থিতি মোকাবিলায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে মনে করেন তিনি। এমনকি সরকারের সমালোচকরাও এ ক্ষেত্রে পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা।
বিজ্ঞাপন
সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়েও বক্তব্য
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপারের গ্রেফতার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সরকারের নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।
তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ছিলেন। তবে সেটি নিজে কোনো সমস্যা নয়। কারণ, তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
কিন্তু সরকারি দায়িত্বে থাকা অবস্থায় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা বজায় রাখেন, সেটি উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের পরিস্থিতি নজরদারিতে সরকারের নিজস্ব ব্যবস্থা ও বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রকৃত তথ্য সংগ্রহের সক্ষমতাও সরকারের রয়েছে।
গঙ্গা চুক্তি নিয়ে প্রস্তুতি শেষ, প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
বিজ্ঞাপন
গোপালগঞ্জের পরিস্থিতির পাশাপাশি গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা কী চাই, কীভাবে চাই সেগুলো যথাসময়ে মিডিয়ার সামনে জানাব।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রীর সফরকে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়ে থাকে। গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থানও যথাসময়ে প্রকাশ করা হবে।








