Logo

আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৪
আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল করে দিয়ে গেছে। তার মতে, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যার মধ্য দিয়ে সরকারকে এগোতে হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিন দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুনবাজারে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, “আপনারা জানেন সরকারে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা রয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হচ্ছে।”

তথ্যমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি। সেতুটি নির্মাণের দাবিতে স্থানীয়রা আন্দোলন করছেন এবং সরকারও এ বিষয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, সেতুর বিষয়টি সরকার নিজস্ব অবস্থান থেকে পর্যালোচনা করছে। পাশাপাশি ভোলার মহাসড়ক নিয়েও সরকার বিবেচনা করছে। এ বিষয়ে ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আন্দালিব রহমান পার্থ বলেন, “আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দিয়েছি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায়।”

তিনি জানান, ভোলায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নদীভাঙন রোধে ৭০০ কোটি টাকা এবং সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।

বিজেপি চেয়ারম্যান নিজের সংসদীয় এলাকার কর্মকাণ্ড তুলে ধরে বলেন, গত ছয় মাসে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও ওঠেনি। একই সময়ে মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজির ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ইনশাআল্লাহ আমি এতটুকু কথা দিই, কোনো চোর-সন্ত্রাসী আমার দলের না। আমার দল ব্যবহার করে কেউ যদি ডাকাতি করে, সন্ত্রাসী করে, চুরি করে তাহলে আমার একটাই কথা- কোনো সন্ত্রাসী, কমিশন, এগুলো আমার রক্তে ও বংশে নাই।”

ভোলার মানুষ তার পাশে ছিলেন এবং আল্লাহর ইচ্ছায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলেও মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে বুধবার সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশাল নদীবন্দরে যান আন্দালিব রহমান পার্থ। সেখান থেকে স্পিডবোটে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান তিনি।

ভোলায় পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

বিজ্ঞাপন

এ সময় ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD