দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সাময়িক ভোগান্তির বার্তা দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকদিন ধরে নির্দিষ্ট সময় ইন্টারনেট সেবায় ধীরগতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি জানায়, আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন ধরে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ‘এসইএ-এমই-ডব্লিউই-৫ (SMW-5)’–এর আওতায় ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি কাজ পরিচালিত হবে। এই কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট ট্রাফিক সাময়িকভাবে প্রভাবিত হতে পারে।
বিজ্ঞাপন
ফলে ব্যবহারকারীরা নির্ধারিত সময়গুলোতে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সংযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বিএসসিপিএলসি জানিয়েছে, তাদের অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু থাকবে, যাতে সম্পূর্ণ বিচ্ছিন্নতা এড়ানো যায়।
প্রতিষ্ঠানটি আরও জানায়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।








