Logo

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৮ এপ্রিল, ২০২৬, ১৬:২২
জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলে যাচ্ছে, তাই আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি বাড়ানো অপরিহার্য।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তোমরা কেবল একটি চাকরিতে প্রবেশ করছেন না, বরং একটি মহৎ সেবামূলক পেশায় নিজেদের নিয়োজিত করছেন। এই পেশার মূল দর্শন হলো মানুষের সেবা করা। সমাজের মানুষের পাশে দাঁড়ানো, সংকটে সহায়তা দেওয়া এবং ন্যায় প্রতিষ্ঠার আদর্শকে ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদের মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের সবসময় আপডেট রাখার পাশাপাশি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

এবারের কুচকাওয়াজে মোট ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যার মধ্যে পাঁচজন নারী সদস্যও রয়েছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে আইজিপি প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD