Logo

যুদ্ধবিরতি : হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলল বাংলাদেশি জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
৮ এপ্রিল, ২০২৬, ১৫:২৭
যুদ্ধবিরতি : হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলল বাংলাদেশি জাহাজ
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন এবং এটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন।

বিজ্ঞাপন

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি বুধবার দুপুর ১২টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়ে দাম্মামের বহির্নোঙরে অবস্থান করছে। চলাচলের গতি ঘণ্টায় ৮.৩০ নটিক্যাল মাইল এবং ড্রাফট ১০.৮০ মিটার।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, সৌদি আরব থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে আমরা দাম্মাম বন্দরের বহির্নোঙরে ছিলাম। যুদ্ধবিরতির পর এখন নোঙর তোলা হয়েছে। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে পৌঁছাবে। হরমুজ পর্যন্ত প্রায় ৪২৫ নটিক্যাল মাইল বাকি রয়েছে এবং দুই দিন সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

বিএসসির তথ্য অনুযায়ী, এমভি বাংলার জয়যাত্রা ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এরপর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে।

বিএসসির কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতির আগে নিরাপত্তার কারণে জাহাজটি হরমুজের দিকে যাত্রা শুরু করলেও পুনরায় পূর্ব অবস্থানে ফিরে আসতে হয়েছিল। এখন যুদ্ধবিরতির পর পুনরায় নিরাপদ যাত্রা শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD