শুক্রবারও চলবে জাতীয় সংসদের অধিবেশন

জাতীয় সংসদের অধিবেশন শুক্রবারও চলবে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। বুধবার (৮ এপ্রিল) সংসদে চলমান অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
চিফ হুইপ বলেন, বর্তমান অধিবেশনে ইতোমধ্যেই ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। তবে বাকী ১৩৩টি অধ্যাদেশের কাজ শেষ করতে হলে শুক্রবারও অধিবেশন চালানো প্রয়োজন। কাজের পরিধি এবং সাংবিধানিক দায়বদ্ধতা বিবেচনায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, এসব অধ্যাদেশকে আইন হিসেবে রূপান্তর করা সংবিধান অনুযায়ী বাধ্যতামূলক। তাই গত মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে সংসদ দিনে দুই বেলা (দুই সেশনে) অধিবেশন পরিচালনা করছে। এর ফলে দ্রুততম সময়ে সব অধ্যাদেশ পাস করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
সংসদ ভবনের সাউন্ড সিস্টেম এবং ব্যবস্থাপনা সংক্রান্ত ত্রুটির প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ঠিকাদাররা টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছে, তারা নিজেই কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়েছে। এটি সংসদের কার্যক্রমে প্রভাব ফেলছে।
ফলে শুক্রবারও সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি অধ্যাদেশ বিল পাসের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই ধারাবাহিক অধিবেশন দেশের আইনগত প্রক্রিয়া দ্রুত অগ্রসর করার লক্ষ্যকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে।








