শ্রমবাজার খোলার বিষয়ে বড় সুখবর দিলো মালয়েশিয়া

বাংলাদেশের জন্য বড় সুখবর এসেছে মালয়েশিয়া থেকে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দেশটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্তের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জন্য স্বচ্ছ, ন্যায্য ও দক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে অতীতে বিভিন্ন সময়ে শ্রমিকদের শোষণ ও অনিয়মের অভিযোগ বিবেচনায় নিয়ে, ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না ঘটে, সে বিষয়ে দুই দেশই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একটি কার্যকর ও জবাবদিহিমূলক নিয়োগ কাঠামো গড়ে তোলার ব্যাপারেও আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাও গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে আরও সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে—এমন মত প্রকাশ করেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা।
শুধু শ্রমবাজার নয়, শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় উঠে আসে। উচ্চশিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতার সুযোগগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের বর্তমান ইতিবাচক ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি শ্রম, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা—এসব ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তারা নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।







