Logo

সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ সম্বোধন : তদন্তে সংসদীয় কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৬:২৩
সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ সম্বোধন : তদন্তে সংসদীয় কমিটি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ এলাকায় এক সংসদ সদস্যকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধনের অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিজের সম্মানহানির অভিযোগ তুলে সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তিনি এ নোটিশ উত্থাপন করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, গত ৩০ মার্চ সংসদ এলাকার ভেতর প্রকাশ্যে তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করা হয় এবং পরবর্তীতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

হানজালার দাবি, এ ধরনের মন্তব্য তাকে সামাজিকভাবে বিব্রত ও হেয়প্রতিপন্ন করেছে। একই সঙ্গে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তার সাংবিধানিক মর্যাদা ও বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা অগ্রহণযোগ্য। দীর্ঘদিন ধরে কিছু বিশেষ শব্দ ব্যবহার করে দাড়ি-টুপিধারী মানুষসহ নির্দিষ্ট গোষ্ঠীকে অপমান করার প্রবণতা তৈরি হয়েছে, যা সমাজে বিভাজন তৈরি করছে। তিনি সব দল-মতের সংসদ সদস্যদের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি জানান, সংসদ সদস্যের উত্থাপিত বিশেষ অধিকারের প্রশ্নটি তদন্ত ও বিস্তারিত পর্যালোচনার জন্য সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে’ পাঠানো হয়েছে।

স্পিকার আরও বলেন, কমিটি বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবে, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিশেষ অধিকার সম্পর্কিত এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই পালন করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD