বিমানবন্দর থেকে গাজীপুর যাওয়া যাবে ৪০ মিনিটে: সেতুমন্ত্রী

রাজধানীর উত্তরার ঢাকা-১৮ আসনে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে একাধিক বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যাত্রা সময় কমে ৩৫ থেকে ৪০ মিনিটে নেমে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপিত হয়।
মন্ত্রী জানান, রাজধানীর বনানী ওভারপাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কটি সড়ক বিভাগের আওতাধীন। এ পথে যানজট কমাতে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে বলাকা ভবন এলাকা, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং কাওলা অঞ্চলের সড়ক সম্প্রসারণ। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে আধুনিক ডিভাইডার স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে এই করিডরে যানজট নিরসনে তিনটি বড় প্রকল্প দ্রুত এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী।
প্রথমত, মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণকাজ চলমান রয়েছে। বিমানবন্দর থেকে কুড়িল পর্যন্ত এই লাইনের কাজ শেষ হলে উত্তরা ও খিলক্ষেতসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ২০৩০ সালের মধ্যে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০.৫ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এই প্রকল্পের আওতায় সড়ককে আট লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি আটটি ফ্লাইওভার এবং প্রায় ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি চালু হলে দ্রুতগতিতে যাতায়াত সম্ভব হবে এবং যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমবে।
বিজ্ঞাপন
তৃতীয়ত, গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে বিআরটিসির মাধ্যমে ৩৪০টি নতুন একতলা সিএনজিচালিত শীতাতপ নিয়ন্ত্রিত বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস চালু হলে উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত রুটে যাত্রীসেবার মান উন্নত হবে এবং ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সংসদে দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়, এসব প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা-১৮ আসনের মানুষের যাতায়াত ব্যবস্থা হবে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী। একই সঙ্গে রাজধানীর এই গুরুত্বপূর্ণ করিডরে যানজট অনেকাংশে কমে এসে একটি আধুনিক ও কার্যকর পরিবহন ব্যবস্থার সূচনা হবে।






