Logo

গ্যাস সংকটে বাড়ছে ভোগান্তি, কমছে সিএনজি চালকদের আয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৪
গ্যাস সংকটে বাড়ছে ভোগান্তি, কমছে সিএনজি চালকদের আয়
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটের কারণে রাজধানীর সিএনজি অটোরিকশা চালকদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে তাদের। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে যাত্রী পরিবহনের সময় এবং সেই সঙ্গে কমে যাচ্ছে দৈনিক আয়। অনেক চালককে গ্যাস সংগ্রহে দিনের বড় একটি সময় ব্যয় করায় গাড়ির মালিককে নির্ধারিত জমার টাকাও দিতে হচ্ছে কষ্ট করে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বিভিন্ন স্টেশনে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য অটোরিকশার দীর্ঘ সারি। অনেক চালক কয়েক ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। কোথাও গ্যাসের চাপ কম থাকায় ধীরগতিতে গাড়িতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে একটি গাড়িতে গ্যাস দিতে যে সময় লাগছে, তার পেছনে থাকা আরও অনেক গাড়িকেও অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ে রাস্তায় গাড়ি চালিয়ে যে সময়টুকু আয় করার কথা, তার বড় একটি অংশ এখন গ্যাস সংগ্রহের পেছনে চলে যাচ্ছে। কোনো কোনো চালককে দিনে দুইবার পর্যন্ত স্টেশনে যেতে হচ্ছে। একবার গ্যাস নেওয়ার পর কিছুক্ষণ গাড়ি চালিয়ে আবার জ্বালানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে যাত্রী পরিবহনের সময় যেমন কমছে, তেমনি বাড়ছে জ্বালানি সংগ্রহের চাপ।

মগবাজার এলাকার সিএনজি চালক ইমরুল বলেন, প্রতিদিন গ্যাসের জন্য তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় লাইনে থাকার পরও অনেক সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। ফলে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পরও দীর্ঘ সময় চালানো সম্ভব হয় না। অথচ গাড়ির মালিককে প্রতিদিন নির্ধারিত জমার টাকা পরিশোধ করতেই হয়।

বিজ্ঞাপন

আরেক চালক মহসিন বলেন, প্রতিদিন গাড়ির মালিককে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হয়। গ্যাস নিতে তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। কম চাপের কারণে কখনো কখনো ১০০ থেকে ১২০ টাকার বেশি গ্যাসও নেওয়া যায় না। মাঝে মাঝে এর চেয়েও কম গ্যাস নিতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, তিন-চার ঘণ্টা গাড়ি চালানোর পর আবার গ্যাস নিতে স্টেশনে আসতে হয়। এতে আমাদের আয় কমে গেছে। সংসার চালানোও কষ্টকর হয়ে পড়েছে।

চালকদের ভাষ্য, গ্যাসের সংকট দীর্ঘ হলে শুধু তাদের আয়ই নয়, রাজধানীর সিএনজি অটোরিকশা চলাচলেও এর প্রভাব পড়তে পারে। দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় রাস্তায় কার্যকর গাড়ির সংখ্যা কমে যাওয়া এবং চালকদের দৈনিক আয়ে চাপ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD