৪১ দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৪১টি দেশে এ সেবা চালুর লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ১৭টি দেশে থাকা ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দূতাবাসে এনআইডির আবেদন গ্রহণ করা হলেও পরিচয়পত্র ইস্যু করা হয় নির্বাচন কমিশনের মাধ্যমে।
তিনি বলেন, পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিকে যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেসব জায়গায় অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। প্রবাসীরা নিজেদের সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে পারেন এবং অনলাইনে আবেদনের অগ্রগতিও জানতে পারেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দূতাবাস পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট ইস্যু করা হয় ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে। দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে। পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়।
প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা কমাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এসব দেশে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি বিশেষ কর্মসূচি বা ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠিয়ে পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত হয়েছে।
কনস্যুলার সেবাকে আরও সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থাও চালু করা হয়েছে। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ নিতে পারছেন। এতে সময় ও খরচ কমার পাশাপাশি ভোগান্তিও কমছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ড. খলিলুর রহমান জানান, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ, দ্রুত অভিযোগ সমাধান এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রক্রিয়া আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটার নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।








