Logo

বেকারত্ব কমাতে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৭:১৯
বেকারত্ব কমাতে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সব স্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর ওপর জোর দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি সম্পর্কে অবহিত করে। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিষ্ঠানটির নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। অন্য সদস্যদের মধ্যে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিনিধিদল জানায়, ইস্টার্ন ইউনিভার্সিটি জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিতে এ পর্যন্ত ১০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে বিশ্ববিদ্যালয়টি। মেধার বিকাশ, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হয়েছে বলে রাষ্ট্রপতিকে জানানো হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায়। একই সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD