আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা দেখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, তাদের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, বাস্তবায়িত হবে নতুন স্বপ্ন।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ সফরে অংশ নেন।
পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।
বিজ্ঞাপন
বক্তব্যে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। বাবা-মায়ের আত্মত্যাগের কথা স্মরণ করে নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরব্বিদের সবসময় সম্মান করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি জাতির প্রত্যাশাও পূরণ হবে।
বঙ্গভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি শুধু একটি ভবন নয়; বরং রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন, রাষ্ট্রের ইতিহাস ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








