Logo

আধুনিক প্রশিক্ষণে দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ আনসার মহাপরিচালকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ২২:০৬
আধুনিক প্রশিক্ষণে দক্ষ মানবসম্পদ গড়ার তাগিদ আনসার মহাপরিচালকের
ছবি: সংগৃহীত

দক্ষ, জনবান্ধব ও উৎপাদনশীল জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষকদের আদর্শিক নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং প্রশিক্ষণের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, প্রশিক্ষকদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নৈতিক আদর্শের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে কর্মরত প্রশিক্ষকদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, প্রশিক্ষণার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হলে প্রশিক্ষকদের নিজেদেরও সুপ্রশিক্ষিত ও দক্ষ হতে হবে। প্রশিক্ষণ কার্যক্রমে অপ্রাসঙ্গিক বিষয় এড়িয়ে বিষয়ভিত্তিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির ওপর জোর দিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সঙ্গে অভিভাবকসুলভ সম্পর্ক গড়ে তুলে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাঁর মতে, একজন আদর্শ প্রশিক্ষকের সাফল্য হলো নিজের চেয়েও দক্ষ ও আদর্শবান জনবল তৈরি করা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়নের বিষয়ে তিনি জানান, পিটি, ড্রিল ও অস্ত্রচালনা প্রশিক্ষণের পাশাপাশি সময়োপযোগী কারিগরি, কর্মমুখী ও পেশাভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা বিবেচনায় একাডেমিতে 6G ওয়েল্ডিং, মেসন, শাটারিং, মোটর ড্রাইভিং, জাপানি ভাষা এবং আন্তর্জাতিক মানের হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল রক্ষণাবেক্ষণবিষয়ক প্রশিক্ষণও পরিচালিত হচ্ছে।

এসব উদ্যোগ দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মহাপরিচালক বলেন, দেশের বিশাল যুবসমাজকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা সময়ের অন্যতম প্রধান লক্ষ্য। জনকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সামাজিক উন্নয়ন, গ্রামীণ অগ্রগতি এবং আর্থসামাজিক সমৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠনের মধ্য দিয়ে বাহিনীর কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়। সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাশ্রম ও নিঃস্বার্থ জনসেবার মাধ্যমে বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখছেন।

বিজ্ঞাপন

বাহিনীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমাদের সদস্যরা এক হাতে অস্ত্র ধারণ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে, অন্য হাতে অংশ নেবে উৎপাদনশীল কর্মকাণ্ডে।”

এ সময় তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেন মহাপরিচালক। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদারের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক ও বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা দক্ষ জনশক্তি দেশের নিরাপত্তা, উৎপাদনশীলতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতেও এসব প্রশিক্ষণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণের মানোন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD