Logo

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সমন্বিত ভূমিকার প্রশংসা মহাপরিচালকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৬, ১৭:০৫
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সমন্বিত ভূমিকার প্রশংসা মহাপরিচালকের
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী আনসার-ভিডিপি সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আয়োজনে বাহিনীর পেশাদারত্ব ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে মহাপরিচালককে ফুল দিয়ে বরণ করা হয় এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে প্রীতি উপহার দেওয়া হয় এবং ফুল দিয়ে শারদীয় শুভেচ্ছা জানানো হয়। এ সময় কমিটির নেতারা দেশজুড়ে পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী টিডিপি সদস্য কুড়িগ্রামের লিমন শেখ (২২), গাইবান্ধার ভিডিপি সদস্যা পারভীন (৪৬) এবং টাঙ্গাইলের ফিরোজ খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহাপরিচালক বাহিনীর সদস্যদের সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধের কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার যে ধারা গড়ে উঠেছে, তা আসন্ন জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে কার্যকর ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, সহযোগিতা এবং দায়িত্ববোধের ইতিবাচক পরিবর্তন দেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি। ক্ষমতাকেন্দ্রিক মনোভাবের পরিবর্তে জনসেবা, জবাবদিহি ও জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিতভাবে কাজ করার সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন ও জননিরাপত্তা কার্যক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে দায়িত্ব পালন করেন। তৃণমূল পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক কাঠামো এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টন, তথ্য আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ সক্ষমতা আরও কার্যকর হচ্ছে। এ ক্ষেত্রে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ সমন্বিত দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রমের তথ্যভিত্তিক ব্যবস্থাপনায় সহায়তা করছে।

বাহিনীর সাংগঠনিক কাঠামোর চারটি স্তরের দায়িত্ব ও কার্যক্রম আলাদা হলেও জাতীয় নিরাপত্তা, জনসেবা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সব স্তরের সদস্যদের সম্মিলিত সক্ষমতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মহাপরিচালক। তিনি বলেন, উপজেলা পর্যায়ে কর্মরত আনসার সদস্য ও তৃণমূলের স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের জীবনমান এবং আর্থসামাজিক সক্ষমতা উন্নয়নে ‘সঞ্জীবন প্রকল্প’ ভূমিকা রাখতে পারে। এ প্রকল্পের মাধ্যমে সদস্যদের জীবনমান পরিবর্তনের সুযোগ তৈরি হলে তাঁদের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতা বাড়বে। এর ফলে জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বাহিনীর সমন্বিত অংশগ্রহণ আরও কার্যকর হবে।

দেশজুড়ে দুর্গোৎসবের আনন্দমুখর পরিবেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্যের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন মহাপরিচালক। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি। যেসব স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে, সেখানে দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাথমিক পর্যায়েই পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রেখেছেন। তাঁদের এ তৎপরতা বাহিনীর পেশাদারত্ব, সতর্কতা ও জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের পরিচায়ক।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন মহাপরিচালক। তিনি বলেন, বিসর্জনকে কেন্দ্র করে জনসমাগম ও মানুষের চলাচল বাড়ে। তাই নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং পূজারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও মানবিক আচরণ বজায় রাখতে হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পেশাদারত্ব, প্রযুক্তিনির্ভর সমন্বয়, জনসম্পৃক্ততা ও মানবিক সেবাকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। ধর্মীয় উৎসবের নিরাপদ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে জননিরাপত্তায় বাহিনীর ভূমিকা অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD