Logo

জলবায়ু ক্ষতিপূরণে অনুদান নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৯:৩৬
জলবায়ু ক্ষতিপূরণে অনুদান নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদানের প্রয়োজন নেই, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজনে সহযোগিতা করে ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিফ হুইপ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.৪৭ শতাংশ হলেও প্রায় ২০ কোটি মানুষের দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বরগুনা ও খুলনায় নদীর পানিতে লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির তীব্র সংকট তৈরি হচ্ছে। এতে কৃষি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রতিবছর বন্যায় মানুষের ঘরবাড়ি, ধান, গবাদিপশু ও বসতভিটা পানিতে ভেসে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ কখনো বিশ্বে সংঘাত ছড়ায়নি কিংবা অস্ত্র তৈরি করেনি। অথচ উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের পরিণতি ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। তাই জলবায়ু তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা দূর করা জরুরি।

নূরুল ইসলাম মনি আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে হবে। শুধু অর্থ বরাদ্দ নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অগ্রাধিকার এবং তরুণদের ঐক্যবদ্ধ দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে তরুণদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন চিফ হুইপ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেসকো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভাইজ, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নেসহ আয়োজক সংগঠনের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD