Logo

কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৭:৪০
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা উদযাপন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

এবার দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি ও প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারকির কারণে এ বছর শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আগামী বছরগুলোতেও এ পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করায় পুলিশ, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১৫ থেকে ১৭ বছর ধরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গেছে। বর্তমান সরকার দেশকে সেই পরিস্থিতি থেকে মুক্ত করতে পেরেছে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এবার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপে গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নজরদারি চালানো হয়েছে। এতে সম্ভাব্য নাশকতার কয়েকটি পরিকল্পনা আগেই শনাক্ত করে নস্যাৎ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর দেশে সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করতে সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ সনাতন ধর্মাবলম্বীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন, যার মধ্যে তিন দিন ছিল সরকারি ছুটি।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসী টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা করে। সংখ্যায় কম থাকায় পুলিশ আক্রান্ত হলেও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD