Logo

খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৭:৩৬
খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমদানিকৃত খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় খাদ্য নিরাপত্তা ও সংরক্ষণব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী আমদানিকৃত চাল ও গমের মান যাচাইয়ের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে খাদ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা দেওয়ার অনুরোধ জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতার কারণে দীর্ঘ সময় খাদ্যশস্য, বিশেষ করে চাল ও গম সংরক্ষণে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় খাদ্যশস্য সংরক্ষণ প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

জবাবে রাষ্ট্রদূত জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কারিগরি সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহযোগিতার সম্ভাবনা বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানির বিষয়টিও আলোচনায় আসে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গম আমদানি সম্পন্ন হওয়া এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD