Logo

কনস্যুলার কর্মকর্তাদের গাফিলতি খতিয়ে দেখছে সংসদীয় কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৯:৪২
কনস্যুলার কর্মকর্তাদের গাফিলতি খতিয়ে দেখছে সংসদীয় কমিটি
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রতিবেদন দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটি।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। এতে সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। ১৫৩তম আইপিইউ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রয়োজনীয় সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সহযোগিতার জন্যও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা ও হজ কার্যক্রম সম্পর্কে একটি উপস্থাপনা দেয়।

বিজ্ঞাপন

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে কমিটি বিস্তারিত জানতে চাইলে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কমিটিকে জানানোর সুপারিশ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD