পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ারের মতো পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পুলিশ দায়িত্ব পালনের সময় বলপ্রয়োগ করলে সমালোচনার মুখে পড়ে, আবার নিষ্ক্রিয় থাকলেও দুর্বলতার অভিযোগ ওঠে বলে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ক্রসফায়ার প্রসঙ্গে আইজিপি বলেন, ‘যেখানে ক্রস যদি প্রয়োজন হয় সরকার যদি এলাও করে আমরা সেটাই করবো।’
পুলিশের বলপ্রয়োগ নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ লাঠিপেটা করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট, আবার পুলিশ নীরব থাকলে বলা হয়, দুর্বল পুলিশ। এ অবস্থায় পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইজিপি আরও বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান মেনে চলা জরুরি। অপরাধ দমনে পুলিশকে যেমন কার্যকর ভূমিকা রাখতে হবে, তেমনি বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে যেকোনো ঘটনার প্রকৃত সত্য যাচাই করার আহ্বান জানান আইজিপি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক।








