Logo

শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখাতে চাই: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৪:০৩
শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখাতে চাই: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন বলতে বিশ্বব্যাপী যে ধারণা রয়েছে বা আন্তর্জাতিক মানদণ্ডে যা বোঝানো হয়, আমরা সেমানের নির্বাচনই দেখাতে চাই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটগ্রহণ মনিটরিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, তিনি কন্ট্রোল রুম পরিদর্শন করতে এসেছেন। দুই আসনে ড্রোনসহ আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে ভোটগ্রহণ মনিটর করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই উপ-নির্বাচনগুলোও যাতে তার চেয়ে ভালো হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্মুথ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

শেরপুর-৩ আসনের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে সিইসি বলেন, শেরপুর বর্ডার এলাকা হওয়ায় সেখানে সেনাবাহিনীকে সীমান্ত থেকে কিছুটা দূরে রাখতে হয়েছে। এজন্য বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে এবং তাদের কার্যকরভাবে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ভোটের সার্বিক পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, সকাল সাড়ে সাতটায় আমি প্রথম রিপোর্ট পাই। পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে। মানুষ নির্বিঘ্নে আসছে এবং ভোট দিচ্ছে। সাধারণত উপ-নির্বাচনে ভোটার টার্ন আউট কম হওয়ার একটি প্রবণতা থাকে, তবুও দেখা যাক কী হয়। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি ফিরছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের দুটি আসনের ফল নিয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এটি আদালতের সাব-জুডিস ম্যাটার (বিচারাধীন)। আদালত যখন যে সিদ্ধান্ত দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। এটি আমাদের নিয়ন্ত্রণে নেই।

একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ সদস্যের বক্তব্য ও এ সংক্রান্ত মামলা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আজকের ভোটের সঙ্গে প্রাসঙ্গিক নয়। এছাড়া বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বিগত সরকারের আমলের চিঠি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, এ বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। তিনি বলেন, আইন-কানুন ও নতুন অধ্যাদেশ পাসের বিষয় রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সরকারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD