হঠাৎ সতর্কবার্তা দিয়েছে আইএসপিআর

দেশের বিভিন্ন স্থানে সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগ বাড়তে থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা দাবি করে মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার চেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমের প্রোফাইলে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা সাধারণ মানুষের আস্থা অর্জন করে আর্থিক বা অন্য ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা কখনোই ব্যক্তিগতভাবে ফোন বা বার্তার মাধ্যমে এ ধরনের যোগাযোগ করে না। তাই কেউ যদি নিজেকে সামরিক বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ভয় দেখায় বা কোনো সুবিধা দাবি করে, তবে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।
এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আইএসপিআর জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল মাধ্যমে প্রতারণার কৌশল দিন দিন পরিবর্তিত হচ্ছে। তাই এ ধরনের প্রতারণা ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত অভিযোগ জানানো অত্যন্ত জরুরি।






