দ্রুতই ডিসপ্লেতে প্রদর্শন করা হবে এসি-মিনিবাসের ভাড়ার তালিকা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের গণপরিবহনে এসি বাস ও মিনিবাসের ভাড়া তালিকা শিগগিরই প্রণয়ন করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে যাত্রীদের জন্য প্রদর্শন করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশের মহাসড়কে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও সঠিক ভাড়া কার্যকর করতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করবে।
জবাবে মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ২৭ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ এবং জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন ও তাদের কার্যপরিধি নির্ধারণের বিধান রয়েছে। সড়ক পরিবহন বিধিমালা-২০২২ এর ধারা ৬০(ক) অনুযায়ী সংশ্লিষ্ট কমিটি রাস্তার ধারণক্ষমতা বিবেচনা করে পরিবহনযানের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে থাকে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা গণপরিবহনের ভাড়া হার নির্ধারণ বা পুনঃনির্ধারণ করা হয়। এই পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী বিআরটিএ ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানগুলোকে তা যাত্রীদের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়া তালিকা আছে। তবে শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্যও ভাড়া তালিকা প্রণয়ন করা হবে এবং তা ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে, যাতে যাত্রীরা সহজে সঠিক ভাড়া জানতে পারেন।






