এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর আইনি কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিদ্যমান আইনগুলো পর্যালোচনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন আইন ও বিধান প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দেবে সরকার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘ঢাকা ডায়ালগ: এন্ডিং ডিজিটাল অ্যান্ড এআই-ফ্যাসিলিটেটেড ভায়োলেন্স অ্যাগেইনস্ট ওমেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মো. আসাদুজ্জামান বলেন, সাইবার বুলিং, সাইবার হয়রানি এবং ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় দেশে ইতোমধ্যে বিভিন্ন আইন রয়েছে। তবে এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে নতুন ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের আইন ও অভিজ্ঞতা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা-সংক্রান্ত আইন সংশোধনের বিষয়েও অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় এর সঙ্গে জড়িত থাকায় আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ব্যাপক পরামর্শ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিকাহ ও তালাক নিবন্ধন এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাল্যবিবাহ, জোরপূর্বক বিয়ে এবং এ ধরনের বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সঙ্গে আইনি সহায়তা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা মোকাবিলায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে যেকোনো ইতিবাচক ও কার্যকর সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম। এতে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমসহ সংশ্লিষ্টরা।








