Logo

পল্লবীতে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: আমিনুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৪
পল্লবীতে সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: আমিনুল হক
ছবি: সংগৃহীত

পল্লবী ও রূপনগরের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একই সঙ্গে পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

তিনি বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছেন। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্প প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব স্থানেও পাম্প স্থাপন করা হবে।

আমিনুল হক বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি পানির পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। ঢাকা ওয়াসাও এসব পাম্পের কাজ দ্রুত শুরু করতে আন্তরিকভাবে কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের কাজ শুরু হয়েছে।’

বিজ্ঞাপন

আগামী পাঁচ বছরের মধ্যে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পানির সংকটের পাশাপাশি বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আমিনুল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, পল্লবী এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতাল নির্মাণের উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে।

আমিনুল হক বলেন, ‘পল্লবীসহ বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল। ইনশা আল্লাহ, আপনাদের জন্য সেই হাসপাতাল নির্মাণ করা হবে।’

নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. বাদশা মিয়া। সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজী।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, মহিলা দলের নেত্রী সৈয়দা দিলারা পলিসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD