ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্বাগতিক দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ খরা কাটিয়েছে টাইগাররা। দলের এমন ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয় নিশ্চিত হওয়ার পর এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শক্তিশালী ক্রিকেট দলের বিপক্ষে মাত্র চার দিনে ৯ উইকেটের এই অবিস্মরণীয় জয় শুধু ঐতিহাসিক অর্জনই নয়, এটি বাংলাদেশ ক্রিকেটে নতুন এক স্বর্ণযুগের সূচনার ইঙ্গিত।
তিনি বলেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো দল ব্যাটে-বলে যে আত্মবিশ্বাস ও দাপট দেখিয়েছে, তা ১৭ কোটি বাঙালিকে চরম গর্বিত ও আনন্দিত করেছে। ৫ দিনের লড়াকু মানসিকতার যে লক্ষ্য অধিনায়ক শান্ত রেখেছিলেন, দল তার চেয়েও নিখুঁত পারফরম্যান্সে ১১তম সেশনেই এই জয় ছিনিয়ে এনেছে যা অত্যন্ত প্রশংসনীয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরবে বলে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য, ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।








