Logo

মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল, গুরুতর ত্রুটি ২৭ বিয়ারিং প্যাডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৭
মেট্রোরেলের ৪৬ পিয়ারে ফাটল, গুরুতর ত্রুটি ২৭ বিয়ারিং প্যাডে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটল শনাক্ত হয়েছে। একই রুটের ২৭টি বিয়ারিং প্যাডকে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ত্রুটি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক হিসেবে নিয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেলের ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত হয়েছে। তবে এসব ত্রুটির সবগুলো গুরুতর নয়। এর মধ্যে ৪৯৭টি ত্রুটিকে ‘মাইনর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, ২৯৭টি বিয়ারিং প্যাডের ত্রুটি মূলত স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত সমস্যার সঙ্গে যুক্ত। পাশাপাশি মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই ২০২৬ ‘সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। এরই মধ্যে ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট এবং ২৭টি স্থানে বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

চিহ্নিত ২৭টি ক্রিটিক্যাল বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৪৬টি পিলারের ফাটলের ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের কৌশল নির্ধারণে বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

পিলারগুলোর ফাটল নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপন করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এসব কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিহ্নিত ত্রুটিগুলো নিরূপণ, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে মেট্রোরেলের নিরাপদ পরিচালনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD