মেট্রোরেলে বাণিজ্যিক ভিডিও ধারণ নিষিদ্ধ, তবু ভাইরাল ট্রেন্ড

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মেট্রোরেলকে ঘিরে নতুন ধরনের একটি ভিডিও ট্রেন্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একই কায়দায় অনেকেই ভিডিও তৈরি করে প্রকাশ করছেন। তবে মেট্রোরেলের কোনো স্থাপনায় বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও ধারণের অনুমতি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে। রোদেলা হোসাইন নামের এক রিলস ক্রিয়েটর সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে ২৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে ধারণ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মতিঝিল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মেট্রো ট্রেন থেকে কয়েকজন যাত্রী নেমে আসছেন। এ সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রোদেলা হোসাইন তার মোবাইল ফোনের পেছনের অংশ উত্তরাগামী ট্রেনটির দরজার পাশে লাগিয়ে দেন। এরপর তিনি ফোনের সামনের ক্যামেরার দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন।
একপর্যায়ে ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে শুরু করলে মোবাইল ফোনটিও ট্রেনের সঙ্গে চলে যায়। অন্যদিকে রোদেলা হোসাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটির পেছনে দৌড়াতে থাকেন। তবে দ্রুতগতির বৈদ্যুতিক ট্রেনটি তাকে রেখেই স্টেশন ছেড়ে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ২৪ ঘণ্টায় ভিডিওটি প্রায় ৬০ হাজার মানুষ দেখেছেন।
এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে মঙ্গলবার সন্ধ্যায় তারা জানায়, মেট্রোরেলের স্থাপনায় বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সংশ্লিষ্টরা কর্তৃপক্ষের নজর এড়িয়ে ভিডিওটি ধারণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ আরও জানায়, ভিডিওটি ইতোমধ্যে নিরাপত্তা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা কনকোর্স লেভেল পর্যন্ত দায়িত্ব পালন করেন বলেও জানানো হয়েছে।








