দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, মিলল জর্দা-পান

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ পরিত্যক্ত বস্তু ঘিরে শনিবার (১ আগস্ট) সকালে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, দুটি বস্তুতেই কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ডিএমপি জানায়, সন্দেহজনক বস্তুর খবর পাওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা থাকার খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে যায়। এক্স-রে পরীক্ষায় ব্যাগটির ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হয়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরবর্তী পরীক্ষায় দেখা যায়, ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। এতে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি।
অন্যদিকে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি পরিত্যক্ত বস্তা নিয়েও বোমা আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এর ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে। একই সঙ্গে গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে আতঙ্ক না বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে তা স্পর্শ বা নাড়াচাড়া না করে দ্রুত পুলিশকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।








