সংবিধান সংশোধনে সহযোগিতা করছে না বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল এখন পর্যন্ত সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে চায়, যেটিকে কেউ সংস্কার হিসেবে অভিহিত করলেও আপত্তি নেই। তবে এ প্রক্রিয়ায় বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আমার এমন সাংবিধানিক প্রক্রিয়া আনতে চাই, যেটা অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে তুষ্ট থাকলে আমাদের আপত্তি নেই। কিন্তু তারা বিরোধী দল হিসেবে সংশোধন প্রক্রিয়ায় এখন পর্যন্ত সহযোগিতা করছেন না।’
জুলাই জাতীয় সনদ প্রণয়নের পেছনে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় হয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, এই সনদ দেশের জাতীয় জীবনে ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা দেবে।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে। জাতীয় জীবনের দিকনির্দেশনা দেয় এ জুলাই। জুলাই একদিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অবিরাম ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের ফসল হিসেবে ২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ইতিহাস দেশের মানুষের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকবে এবং আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের নির্দেশক হিসেবে বিবেচনা করে সরকার।
জুলাইয়ের ঘটনাপ্রবাহকে কেবল নির্দিষ্ট সময়ের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাহিত্য, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জুলাইয়ের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রক্তাক্ত গণ-অভ্যুত্থানের ইতিহাস জাতীয় জীবনে চির জাগরূক হয়ে থাকবে। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা জুলাইকে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য পথনির্দেশক হিসেবে গণ্য করি।’
তিনি আরও বলেন, ‘বহু সাহিত্যিককে নাটক ও সাংস্কৃতিক প্রগ্রামে এই জুলাইকে প্রতিফলন করতে হবে। শুধু জুলাই আসলে বা বাৎসরিক অনুষ্ঠান দিয়েই এটা শেষ করলে হবে না। যত দিন শহীদের রক্তের অঙ্গীকার, জাতীয় জীবনের প্রত্যাশা, জুলাইয়ের প্রত্যাশা, জনজীবনের প্রত্যাশা পূরণ না হবে, তত দিন শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।’
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে প্রক্রিয়ার একটি অংশ সম্পন্ন হয়েছে। তবে সনদের কিছু বিষয় সাংবিধানিক সংশোধনের সঙ্গে যুক্ত, অন্য অংশের ক্ষেত্রে আইনি ও বিধিবিধানসংক্রান্ত কার্যক্রম প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা প্রক্রিয়া শেষ করে এসেছি। কিছু অংশ আছে সাংবিধানিক, কিছু আইনবিষয়ক। আইনি ও বিধি-বিধান চলমান প্রক্রিয়া।’
আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই ছাত্র অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের জন্য আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা ঘোষণা করেছেন। এবং তা বাস্তবায়ন করে চলছেন। শহীদদের সব আকাঙ্ক্ষা আমাদের সেই পরিকল্পনার অংশ।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে সাংবিধানিক পরিবর্তনের প্রক্রিয়ায় বিরোধী দলের সহযোগিতা না পাওয়ার অভিযোগও সামনে এসেছে।








