Logo

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৮:৩৫
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া সরকারের দায়িত্ব। তবে এসব বিষয়কে সরকার চ্যালেঞ্জ হিসেবে দেখছে না।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহযোগিতা করেন, তাহলে সে বিষয়ে তথ্য পাওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিআইডির নতুন ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধ তদন্ত বিভাগের নেতৃত্বে এটি পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করা হবে।

বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এমনকি শেয়ারবাজারেও কারসাজির ঘটনা ঘটছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সিআইডির রাসায়নিক পরীক্ষাগার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করে আসছে। এসব পরীক্ষার মাধ্যমে ভিসেরা প্রতিবেদন তৈরি করা হয়। তবে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষাগারের কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং সেগুলোর যথাযথ প্রত্যয়ন গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আধুনিক সরঞ্জাম, লজিস্টিক সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD