Logo

অপরাধ ঠেকাতে এবার রোহিঙ্গা ক্যাম্পে বসছে দুই সেনাক্যাম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৮:৩১
অপরাধ ঠেকাতে এবার রোহিঙ্গা ক্যাম্পে বসছে দুই সেনাক্যাম্প
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের অধীনে ক্যাম্প দুটি পরিচালিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকাগুলোতে নিয়মিত অপহরণের ঘটনা ঘটছে। বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে নিয়ে সেখানে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে। এসব অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এর আগে কক্সবাজারে মাদকসংক্রান্ত একটি সভায় রঙ্গিখালীসহ দুটি এলাকায় সেনাক্যাম্প স্থাপনের বিষয়টি আলোচনায় এসেছিল। সংশ্লিষ্টদের ধারণা, পাহাড়ি এলাকাগুলোতে সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা গেলে অপহরণসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্প এলাকায় সৌরবিদ্যুৎচালিত বাতি, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচটাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার মতো সমস্যা রয়েছে। অস্ত্রসংক্রান্ত অপরাধসহ প্রচলিত আইনের আওতায় আরও বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।

এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন সেনাক্যাম্প স্থাপন ও নিরাপত্তা অবকাঠামো বাড়ানোর মাধ্যমে ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপরাধ দমন আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের আশা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD