Logo

ঢাকায় শুরু হয়েছে ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল বিক্রি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৭:৩৩
ঢাকায় শুরু হয়েছে ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল বিক্রি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘ফুয়েল পাস’ অ্যাপভিত্তিক জ্বালানি বিক্রি। আপাতত ঢাকার দুটি ফিলিং স্টেশনে এ কার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে পুরো ঢাকা মহানগরী এবং পরে সারা দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, প্রাথমিকভাবে রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা ফিলিং স্টেশন এবং তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনলাইনে নিবন্ধনকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মনির হোসেন চৌধুরী জানান, প্রথম ধাপে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য এ ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। কারণ মোটরসাইকেল চালকদের মধ্যেই জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইন, পুনরায় লাইনে দাঁড়ানো এবং অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। এসব অনিয়ম কমিয়ে আনার লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে উদ্যোগটি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুরো ব্যবস্থাটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে রাজধানীর সব ফিলিং স্টেশনে এটি চালু করা হবে। পরে দেশের অন্যান্য শহর ও জেলায়ও একই পদ্ধতি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

একই দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পৃথক এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে। মন্ত্রণালয়ের অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তত্ত্বাবধানে অ্যাপটি পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থার বড় অংশ এখনও ম্যানুয়াল পদ্ধতির ওপর নির্ভরশীল। ফলে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহে বিলম্ব, অতিরিক্ত ভিড় এবং দীর্ঘ সারির মতো সমস্যা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, একজন ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছেন। এতে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হয় এবং প্রকৃত গ্রাহকেরা হয়রানির শিকার হন।

সরকারের মতে, ‘ফুয়েল পাস’ চালু হলে এই সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কারণ প্রতিটি ব্যবহারকারীকে আগে থেকে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনের ভিত্তিতে একটি স্বতন্ত্র কিউআর কোড দেওয়া হবে। ফিলিং স্টেশনে গিয়ে সেই কিউআর কোড স্ক্যান করেই জ্বালানি নিতে পারবেন গ্রাহকরা।

এই পদ্ধতির ফলে একজন ব্যক্তি কতবার জ্বালানি নিচ্ছেন, কত লিটার নিচ্ছেন এবং তার জন্য কতটুকু বরাদ্দ রয়েছে— সব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে। একই সঙ্গে একজন গ্রাহক নিজের বরাদ্দ ও পূর্বে নেওয়া জ্বালানির তথ্যও দেখতে পারবেন।

বিজ্ঞাপন

নতুন ডিজিটাল ব্যবস্থাটির সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কেন্দ্রীয় ডেটাবেস যুক্ত থাকবে। এর ফলে নিবন্ধিত যানবাহনের তথ্য যাচাই করা সহজ হবে এবং ভুয়া তথ্য ব্যবহার করে জ্বালানি নেওয়ার সুযোগ কমে যাবে।

এ ছাড়া কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে কোথায় কত জ্বালানি সরবরাহ হচ্ছে, কোন এলাকায় চাহিদা বেশি, কোথায় সংকট তৈরি হচ্ছে— এসব তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা রিয়েল-টাইমে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

স্মার্টফোন নেই— এমন ব্যক্তিদের কথাও বিবেচনায় রাখা হয়েছে নতুন ব্যবস্থায়। অ্যাপ ব্যবহার করতে না পারলেও তারা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পরে নিজস্ব কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করা যাবে। ফলে ডিজিটাল সুবিধার বাইরে থাকা মানুষও এ ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

‘ফুয়েল পাস’ ব্যবস্থার আওতায় ফিলিং স্টেশন মালিকদেরও নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। তারা প্রতিদিনের জ্বালানির বরাদ্দ, বিক্রির তথ্য এবং স্টকের হিসাব অনলাইনে এন্ট্রি করবেন। এর ফলে স্টেশনভিত্তিক জ্বালানি বিক্রির পূর্ণাঙ্গ হিসাব সরকারের হাতে থাকবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো, অপচয় ও অনিয়ম কমানো এবং সংকটের সময়ে কার্যকর তদারকি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে দেশে যখন জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তখন এমন ডিজিটাল নজরদারি ব্যবস্থা সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD