বগুড়া সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিনসূচি প্রকাশ

বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনসহ নানা কর্মসূচিতে অংশ নিতে সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তার পুরো সূচি প্রকাশ করেছে বিএনপির মিডিয়া উইং।
বিজ্ঞাপন
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর মধ্য দিয়ে সফর শুরু হবে প্রধানমন্ত্রীর। এরপর সকাল ১১টায় তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন এবং একই সঙ্গে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করবেন।
সকাল সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে গিয়ে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করার কথা রয়েছে। দুপুর পৌনে ১টায় গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন তিনি।
বিজ্ঞাপন
দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর পৌনে ২টায় বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
বেলা আড়াইটা নাগাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে যাবেন তিনি। বিকেল সাড়ে ৩টায় সার্কিট হাউজে স্বল্প বিরতির পর বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
বিজ্ঞাপন
সন্ধ্যার আগে, বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে। পরে সন্ধ্যা পৌনে ৬টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন তিনি।
সবশেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এই সফরকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।








